ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার থেকে পুঁজিবোজারে সদ্য তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়ে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড ‘বিএসসিসিএল’ এবং কোম্পানির কোড ২৭০০২।
উল্লেখ্য, কোম্পানিটি ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করে।
কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এর মধ্যে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ লাখ শেয়ার সংরক্ষিত।
অন্যদিকে, নির্ধারিত সংখ্যার তুলনায় কম আবেদন জমা পড়ায় লটারি ছাড়াই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেয়েছেন সাধারণ ও বিদেশি বিনিয়োগকারীরা। তবে এ কোম্পানির আইপিওতে সামগ্রিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৪ গুণ বেশি আবেদন জমা পড়েছিল।
এ কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য মোট ৮৪ কোটি টাকার শেয়ার নির্ধারিত থাকলেও আবেদন জমা পড়েছিল ৭৫ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা।
অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ১০ কোটি ৫০ লাখ টাকার শেয়ারের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকার। তবে মিউচ্যুয়াল ফান্ড কোটায় ১০ কোটি ৫০ লাখ শেয়ারের জন্য ১৬৯ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকার আবেদন জমা পড়েছিল। সব মিলিয়ে ১০৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ারের বিপরীতে আগ্রহী বিনিয়োগকারীরা ২৫৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার আবেদন জমা দিয়েছিলেন।
১০০ শেয়ারে মার্কেট লট নির্ধারিত হওয়ায় মোট ৩ লাখ আবেদনকারী সাবমেরিন কেবলের শেয়ার বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ২ কোটি ৪০ লাখ, মিউচ্যুয়াল ফান্ডের জন্য সংরক্ষিত ৩০ লাখ এবং প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৩০ লাখ শেয়ার সংরক্ষিত ছিল।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জুন ১২, ২০১২