শেয়ার অফলোডের অগ্রগতি বিষয়ে বৈঠক আজ

অব্যাহত শেয়ার সঙ্কটের মুখে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানির শেয়ার অফলোডের অগ্রগতি জানতে আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার এবং শিল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ ও নৌ-পরিবহন সচিব, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন।
শেয়ার সঙ্কটের কারণে ১৫ থেকে ২০ দিনের মধ্যে তালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোর আরো শেয়ার পুঁজিবাজারে ছাড়া হবে বলে গত ৩১ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন। অর্থমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে শেয়ার অফলোডের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। তবে আরো শেয়ার ছাড়ার ঘোষণা দেয়া হলেও তা কার্যকর হয়নি। অর্থ মন্ত্রণালয় থেকে ৯টি সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বিক্রির বিষয়ে নির্দেশনা দেয়া হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত পর্যায়ে কাজ শুরু করতে পারেনি। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট সময় পার হলেও তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের শেয়ার অফলোড করা যায়নি। এ বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ এসইসির চেয়ারম্যানের সাথে বৈঠকের আয়োজন করা হয়েছে। দ্রুত পুঁজিবাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে কেন সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো শেয়ার অফলোড করতে ব্যর্থ হলো সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানা গেছে।
তালিকাভুক্ত এসব কোম্পানির শেয়ারের পরিমাণ হবে- রূপালী ব্যাংকের ২৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ১৭.৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৬.২৫ শতাংশ, ডেসকোর ১৫ শতাংশ, তিতাস গ্যাসের ১৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ১৭ শতাংশ, যমুনা অয়েলের ১৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১.৯৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিক্যান্টের ১৭.৩০ অংশ। ইতিমধ্যেই পদ্মা অয়েল, উসমানিয়া গ্লাস এবং এটলাস বাংলাদেশের ৪৯ শতাংশের মতো শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেয়ায় নতুন করে এসব কোম্পানির কোনো শেয়ার
বিক্রি করা হবে না।

Source: http://www.sheershanews.com , 24 November, 2010

Bookmark and Share

About bdipo Team

Started our journey in Jan 2009. A simple idea is getting bigger. A baby born and learning to walk, talk, imitate and express. This page is dedicated to that eternal urge of expression. The humane and emotional side of bdipo.
This entry was posted in News. Bookmark the permalink.